খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের শাপলা চত্বরের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থী সংগঠনের নেতারা ঘটনার তীব্র নিন্দা জানান।

সমাবেশে বক্তব্য দেন সুমন চাকমা, বাগীছ চাকমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের (টিএসএফ) প্রতিনিধি আকাশ ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের (বিএমএসসি) প্রতিনিধি ওয়াইপ্র মারমা ও কৃপায়ন ত্রিপুরা। সভাপতিত্ব করেন উক্যেনু মারমা।

তিনি বলেন, “২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে আগামীকাল অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন করা হবে।”