বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অপহরণের শিকার মোটরসাইকেল চালক মোর্শেদ আলম (২০) অবশেষে মুক্তি পেয়েছেন। সোমবার (৬ এপ্রিল) ভোরে আনুমানিক ৩০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার একটি দুর্গম পাহাড় থেকে তাকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা বলে জানিয়েছে তার পরিবার।

মোর্শেদ আলম উত্তর বাইশারী গ্রামের মৃত নুরুল হাকিমের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, রোববার বাইশারী ইউনিয়নের ক্যংঙ্গারবিল এলাকা থেকে সশস্ত্র একটি দল তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ফোনে মুক্তিপণ দাবি করে। আর্থিক সংকটে থাকা পরিবারটি ধার-দেনা করে টাকা জোগাড় করে অপহরণকারীদের দিলে তাকে মুক্তি দেওয়া হয়।

জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমানো মোর্শেদের বাবা সেখানেই মৃত্যুবরণ করেন। অর্থাভাবে পরিবারের পক্ষে তার মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মোর্শেদ।

মুক্তির পর মোর্শেদ জানান, অপহরণের পর তার চোখ বেঁধে পাহাড়ের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে সারারাত তাকে বেঁধে রেখে মারধর করা হয়। মুক্তিপণের টাকা পাওয়ার পর ভোরের দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবদুল বাতেন মৃধা দাবি করেছেন, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ বিভিন্ন সম্ভাব্য স্থানে অভিযান শুরু করে। পুলিশের তৎপরতার কারণেই অপহরণকারীরা দ্রুত সময়ের মধ্যে মোর্শেদকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।