বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে সেনাবাহিনীর গুলিতে সংগঠনটির এক শীর্ষ কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন। অভিযানে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ।
আজ বৃহস্পতিবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চৌকস দল রুমার গভীর পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। এতে কুকি-চিন সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এতে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত হয় এবং অভিযানস্থল থেকে তিনটি সাবমেশিনগান (এসএমজি), একটি রাইফেল, বিপুল পরিমাণ গুলি ও সরঞ্জামাদি জব্দ করা হয়।
আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনীর এই অভিযান এখনো চলমান রয়েছে। রুমা, থানচি, রোয়াংছড়ি ও লামা উপজেলার কিছু অংশে সক্রিয় হয়ে ওঠা কেএনএ সন্ত্রাসীদের নির্মূলে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কুকি-চিন ন্যাশনাল আর্মি সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি, অপহরণ ও সশস্ত্র সহিংসতায় জড়িত হয়ে পড়েছে। তাদের দমন করতে গত কয়েক মাস ধরেই সেনাবাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।

-পার্বত্য সময়