বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতির সাথে জড়িত একজন কেএনএ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় বান্দরবানের থানচিতে তাদের এক বিশেষ অভিযানে রাম জা থাং পাতেং (৪০) নামক এক কেএনএ সদস্যকে আটক করা হয়েছে বলে বিজিবি'র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। সে থানচি ৩ নং ওয়ার্ড শাহজাহানপাড়া টিওবি এলাকার সাপখোব এর ছেলে।
মঙ্গলবার রাতের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি’র একটি ‘বি টাইপ’ টহলদল সন্দেহভাজন কেএনএ সদস্যের অবস্থানরত বাড়িটি ঘেরাও করে রাখে। পরবর্তীতে উক্ত টহলদলকে সহযোগিতা করার জন্য বলিপাড়া ব্যাটালিয়ন থেকে উপ-অধিনায়ক মেজর শেখ মো. মুজাহিদুল ইসলামের নেতৃত্বে ৩০ সদস্যবিশিষ্ট বিজিবি'র অপর একটি টহলদল ঘটনাস্থলে গমন করে। আনুমানিক রাত ৮ টা ২০ মিনিটে ওই বাড়ির একটি বসতঘরের খাটের নিচ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত কেএনএ সদস্যকে বলিপাড়া ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করা হবে জানানো হয়।
-পার্বত্য সময়

