বান্দরবানে যৌথ অভিযানে খোয়াই বম (৭১) নামে কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৫মে) বিকেলে বান্দরবানের দুর্গম রুমা উপজেলার বাসাত্লাং পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৬ মে) দুপুরে কঠোর পুলিশি নিরাপত্তায় তাকে রুমা সদর থেকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। পরে আদালতের বিচারক মো. নুরুল হক আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ, গত ২ এপ্রিল বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা ও পুলিশের অস্ত্র লুটের ঘটনায় ৫টি মামলা দায়ের করা হয়। পরে ৩ এপ্রিল দুপুরে আবার বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় ৪টি মামলা করা হয়।
এরপর আসামিদের গ্রেপ্তার অভিযান শুরু করে যৌথবাহিনী। এই পর্যন্ত মোট ৯টি মামলায় ৮২ জনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। আদালত তাদের সবাইকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
-পার্বত্য সময়