কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ১৮ জনের একটি সশস্ত্র দল বান্দরবান জেলার রুমার একটি গ্রামের বাসিন্দাদের কাছে ৫০ হাজার টাকা ও ১০ মন চাউল চাঁদা দাবি করেছে বলে অভিযোগ করেছে পাহাড়ের আরেকটি আঞ্চলিক দল জনসংহতি সমিতি- জেএসএস।
জেএসএস এর মুখপাত্রে দাবি করা হয়েছে, গত ৯ ডিসেম্বর ২০২৪ রাত আনুমানিক ৯:৩০ টার দিকে বম পার্টি খ্যাত কেএনএফ'র একটি সশস্ত্র দল রুমার ১নং পাইন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঞংক্ষ্যং ওয়া পাড়া গ্রামে প্রবেশ করে এই দাবি করে।
তাদের খবরে বলা হয়, গ্রামবাসী জানিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে ঐ টাকা ও চাল কেএনএন সদস্যদের দিতে হবে, না হলে সমস্যা হবে বলে হুমকি দেয় কেএনএফ সন্ত্রাসীরা।
এদিকে ওই এলাকার জনগণ সবাই গরীব চাষী বলে জানা যায়। বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং পরিস্থিতির কারণে আয়-উপার্জন কমে যাওয়ায় কেএনএফের ঐ দাবি তারা কিভাবে পূরণ করবে তা নিয়ে গ্রামবাসীরা উদ্বিগ্ন বলে জানা গেছে।
এ ব্যাপারে কেএনএফ'র সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
- -পার্বত্য সময়


