বান্দরবানের পাহাড়ি এলাকায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে নিরাপত্তা বাহিনী।
শুক্রবার (৩ জুলাই) থানচি উপজেলার দুর্গম একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শনিবার (৪ জুলাই) সকালে তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তির নাম যৌথান বম (৫৫)। তিনি থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরকর পাড়া এলাকার বাসিন্দা এবং লালপিয়ান বমের ছেলে।
পুলিশ ও নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, তার কাছ থেকে একটি বন্দুক, ৫৬ রাউন্ড গুলি, ওয়াকিটকি ও একটি বিদেশি ছুরি উদ্ধার করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী জানায়, সেনাবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাদের দাবি, আটক ব্যক্তি কেএনএফের সক্রিয় সদস্য।
বাহিনী আরও জানায়, এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


