বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩ সদস্য নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি। এ সময় অস্ত্র, বেতার যন্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। 
আজ (রোববার) দুপুরে বান্দরবানের রুমা উপজেলায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডেবাছড়ার গভীর অরণ্যে কেএনএফ আস্তানা গেড়েছে- এমন খবর পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। সেখানে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের পর সেখান থেকে কেএনএফের দু’জন সদস্যের লাশ ও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তিনিও মারা যান। 
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রুমা উপজেলার রনিন পাড়ার কাছে ডেবাছড়া এলাকায় কেএনএফের একটি আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে তিনজন নিহত হয়েছে। ঘটনার পর লাশ উদ্ধারের জন্য পুলিশ সেখানে গিয়েছে।
এ ঘটনার পর আশেপাশের পাড়াগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে। নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
-পার্বত্য সময়