সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) জন্য বিপুল পরিমাণ ইউনিফর্ম তৈরিতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা সুইপ্রু মারমা ওরফে চিনুকে আট দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এই আদেশ দেন। পুলিশ বলছে, সুইপ্রু মারমা ইউপিডিএফের পরিচালক (প্রশাসন)।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান জানান, পাহাড়তলী থানা–পুলিশ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। আদালত শুনানি শেষে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার বায়েজিদ বোস্তামী থানা–পুলিশ সুইপ্রুকে গ্রেপ্তার করে। পরে পাহাড়তলী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর হয়।

গত ২৭ মে রাতে পাহাড়তলী থানার ডিটি রোড এলাকার একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে, দুই কোটি টাকার চুক্তিতে ইউনিফর্মগুলো কেএনএফের জন্য প্রস্তুত করা হচ্ছিল।

তদন্তে আরও জানা যায়, বায়েজিদের রিংভো অ্যাপারেলস এবং পাহাড়তলীর নুর ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস ফ্যাব্রিকস থেকে এসব পোশাক তৈরি ও সরবরাহ করা হচ্ছিল। এ ঘটনায় কারখানার মালিক সাহেদুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে ১৭ মে বায়েজিদ এলাকার রিংভো অ্যাপারেলস থেকে ২০ হাজার ৩০০টি এবং ২৬ মে অক্সিজেন নয়াহাট এলাকার আরেকটি কারখানা থেকে ১১ হাজার ৭৮৫টি সন্দেহজনক ইউনিফর্ম জব্দ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পাহাড়তলী থানার ওসি জসিম উদ্দিন আদালতে জানান, কেএনএফের অর্থায়নের উৎস, পলাতক আসামিদের অবস্থান এবং পোশাক তৈরির নেপথ্যের কারিগরদের শনাক্তে সুইপ্রুকে জিজ্ঞাসাবাদ করা