খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন শিক্ষার্থী। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফসানা রিংকি (২১)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিসিপ্লিনের ২১তম ব্যাচের ছাত্রী। আহতরাও একই ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজেকগামী পর্যটকবাহী জীপটি হাউজপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই রুবিনা আফসানা রিংকির মৃত্যু হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ স্থানীয়দের সহায়তায় দ্রুত আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান গণমাধ্যমকে বলেন, “আমি বিষয়টি জেনেছি। আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি হাসপাতালে নেয়া হচ্ছে। তারা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।”
-পার্বত্য সময়


