বান্দরবান জেলা পুলিশ লামা-আলীকদমে নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদেরকে আইনি পরামর্শ ও মানবিক সহায়তা প্রদান করেছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে লামা থানা ভবনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভিকটিম নারী ও শিশুদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হয়। একই সময় মামলার তদন্ত কর্মকর্তাদেরকেও প্রণোদনা প্রদান করা হয়।
বান্দরবান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার অনুষ্ঠানে বলেন, “নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে দ্রুত থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে হবে। থানায় ভিকটিমদের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে, যেখানে আইনি পরামর্শ এবং অন্যান্য সহায়তা প্রদান করা হয়।”
তিনি আরও বলেন, “বর্তমান পুলিশিং ব্যবস্থা আগের যে কোনো সময়ের তুলনায় শতভাগ স্বচ্ছ ও স্বাধীন। তাই নারী ও শিশু নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে জানাতে হবে। স্পর্শকাতর মামলায় আসামিদের দ্রুত জিজ্ঞাসাবাদ করলে ঘটনার তথ্য এবং খোয়া যাওয়া মালামাল জব্দে সহায়ক হয়।”
অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতা, এনজেড একতা মহিলা সমিতি ও দুর্বার নারী নেটওয়ার্কের উপস্থিতি ছিল। লামা থানার ওসি মো. তোফাজ্জল হোসেন, আলীকদম থানার ওসি মির্জা জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা এবং স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মিরা উপস্থিত ছিলেন।
এ সময় লামা-আলীকদম উপজেলার নারী ও শিশু নির্যাতন মামলার ছয়জন ভিকটিম ও তাদের পরিবারকে সরাসরি সহায়তা প্রদান করা হয়, যা ভুক্তভোগীদের মাঝে সহানুভূতি ও নিরাপত্তার অনুভূতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


