বান্দরবান জেলার লামায় বন্যহাতির আক্রমণে ক্যচিং মং মার্মা (৫৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন–এর ১ নম্বর ওয়ার্ডের ত্রিশডেবা ডলুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ক্যচিং মং মার্মা বাচিং কারবারী পাড়ার বাসিন্দা। তিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, নিজ ধানক্ষেতে কীটনাশক দেওয়ার সময় হঠাৎ বন্যহাতির একটি দল তাকে আক্রমণ করে। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্বজনরা সন্ধ্যা ৮টার দিকে লাশ উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।