বান্দরবানের লামায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মো. ছগির (৪৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিঝিড়ি এলাকায় একটি ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. ছগির রূপসীপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিলেরতুয়া ছামাইছড়ি গ্রামের নুর হোসাইনের ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একদল জুমচাষি জুমের কাজ করতে যাওয়ার সময় ঝোপঝাড়ের মধ্যে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

রূপসীপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহে আলম বলেন, ‘হাত-পা ও মুখ বাঁধা বিবস্ত্র অবস্থায় ঝোপঝাড়ের মধ্যে মরদেহটি পড়ে ছিল। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।’

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় কে বা কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।