পাহাড়ি জেলা বান্দরবানে ডেঙ্গুর প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়েছে। গত এক মাসে জেলাটিতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে লামা উপজেলায়, যা ‘হটজোন’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ।

জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে বান্দরবান সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এক হাজারেরও বেশি রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে লামা উপজেলায় আক্রান্ত ৮০০–এর বেশি রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সদর ও আলীকদম উপজেলাতেও ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বাড়ছে।

বান্দরবান সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক মাসে প্রতিষ্ঠানটির বহির্বিভাগ ও আন্তঃবিভাগ মিলিয়ে ১৫৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।

সংবাদমাধ্যম কালের কণ্ঠের একটি খবরে বলা হয়েছে- লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম জানান, গত দুই মাসে কমপ্লেক্সটিতে ২২৫ জনের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন। তবে এখন পর্যন্ত মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

এদিকে আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন, গত এক মাসে উপজেলায় ৫০ জনের মতো রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় কয়েকজন পল্লী চিকিৎসক জানিয়েছেন, এ সময় তারা প্রায় ১০০ জন রোগীকে চিকিৎসা দিয়েছেন।

বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, সাধারণত মে থেকে সেপ্টেম্বর- এই সময় ডেঙ্গুর প্রকোপ থাকে। তবে নভেম্বরেও রোগের বিস্তার উদ্বেগ বাড়াচ্ছে। তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে রোগের প্রকোপ অনেক বেড়েছে। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নিয়ন্ত্রণে রাখতে।