লামা উপজেলায় হাইকোর্টের আদেশ অনুযায়ী দুইটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়ে উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। অভিযানটি বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় পরিচালিত হয়।
জেলা প্রশাসক শামীম আরা রিনির নির্দেশনায় অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। এছাড়া পরিবেশ অধিদপ্তরের বান্দরবান জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রেজাউল করিমও উপস্থিত ছিলেন।
জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়া পরিচালিত হওয়ায় হাইকোর্ট উপজেলার ছয়টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করার নির্দেশ দেয়। অভিযানের প্রথম দিনে গুড়িয়ে দেয়া হয় এলাহি ব্রিকস এবং সেভেন ব্রিকস ম্যানু নামের দুইটি ভাটা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা এই কাজে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রেজাউল করিম বলেন, “ভাটাগুলোর মালিকদের যদি পুনরায় অবৈধভাবে কার্যক্রম শুরু করতে দেখা যায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, পরবর্তীতে বাকি চারটি অবৈধ ইটভাটাও ধ্বংস করে উচ্ছেদ করা হবে।
উল্লেখ্য, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনকারী এই ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের আগে থেকেই ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তর প্রতিবেদন দাখিলের অনুরোধ করেছিল।


