বান্দরবানের লামা উপজেলার একটি রাবার কারখানাকে পাহাড় কাটা ও পরিবেশ দূষণের অভিযোগে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম। তিনি জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৭ ধারার আওতায় ‘লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-কে এই জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের আন্ধারী খালের উৎস এলাকায় পাহাড় ও গাছ কেটে রাবার ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। এতে খালটি ফ্যাক্টরির বর্জ্যে দূষিত হয়ে পড়ে এবং আশপাশের জনগণের জন্য বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়। একইসঙ্গে প্রায় ১২০ একর ফসলি জমি অনাবাদি হয়ে পড়ে এবং এলাকায় জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে।
এ বিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় অনলাইন পোর্টাল, প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ঘটনাটি পরিবেশ অধিদপ্তরের নজরে আসে এবং তদন্ত শেষে এই জরিমানা আরোপ করা হয়।
এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, “পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”
তবে এ বিষয়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. কামাল উদ্দিন দাবি করেছেন, “আমরা এখনো স্থায়ীভাবে ফ্যাক্টরি নির্মাণ শুরু করিনি, কেবলমাত্র জায়গা নির্ধারণ করেছি। পাহাড় ও গাছ কাটার অভিযোগ সত্য নয়। জরিমানার ঘটনায় আমরা বিস্মিত ও মর্মাহত। আমরা এই রায়ের বিরুদ্ধে দ্রুত আইনি আপিল করব।”
প্রসঙ্গত, বান্দরবানের লামা অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি খাল ও জীববৈচিত্র্যের জন্য পরিচিত। এমন এলাকায় যেকোনো ধরনের অবৈধ উন্নয়ন কর্মকাণ্ড পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা ও পরিবেশবাদীরা।

-পার্বত্য সময়