পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আগামী ১৯ অক্টোবর নির্ধারিত বৈঠকটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কমিশনের সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৈঠক স্থগিতের এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বৈঠক স্থগিতের কারণ উল্লেখ না করা হলেও ধারণা করা হচ্ছে, সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিশনের বৈঠকটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে একই দিন (১৬ অক্টোবর) সকালে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ তাদের আট দফা দাবি তুলে ধরে।

সংগঠনটির নেতারা বলেন, তাদের দাবিগুলো বাস্তবায়ন না করে ভূমি কমিশনের বৈঠক করার চেষ্টা করা হলে “রাঙামাটির শান্তিপ্রিয় জনতা”কে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এছাড়াও কমিশনের এ বৈঠকের প্রতিবাদে হরতালের ডাক দেয় সচেতন ছাত্র সমাজের ব্যানারে এক দল শিক্ষার্থী।
 

পার্বত্য সময়