বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ শহিদুল্লাহ বাবু নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সীমান্ত এলাকায় এই মাইন পুঁতে রেখেছিল।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি সীমান্তবর্তী ৪৯ নম্বর পিলারের শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত বাবু লেম্বুছড়ি বাহির মাঠ এলাকার বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়দের মতে, বাবু সীমান্ত পেরিয়ে চোরাইপথে পণ্য আনা-নেওয়ার কাজে জড়িত ছিলেন। মিয়ানমারের অভ্যন্তরে গিয়ে চোরাইপণ্য সংগ্রহ করে ফেরার সময় তিনি বিস্ফোরণের কবলে পড়েন। মাটিতে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে তার বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক বলেন, “মিয়ানমার সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। তাকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।”
মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে। বিশেষ করে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাতের ফলে সীমান্তে নিরাপত্তা হুমকি বাড়ছে। সীমান্তে চলমান উত্তেজনার কারণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন।

-পার্বত্য সময়