রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে মারিশ্যা–দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। 
সোমবার (২১ জুলাই) ভোরে উপজেলার ১২ কিলো এলাকায় এ ধসের ঘটনা ঘটে। ফলে জেলা সদর ও ঢাকা–চট্টগ্রামের সঙ্গে বাঘাইছড়ির একমাত্র সড়কপথ যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও সড়ক ও জনপথ বিভাগ জানায়, টানা বৃষ্টির কারণে ওই এলাকায় ভোরে পাহাড়ধস হয়। ধসে পড়া মাটি ও গাছপালায় সড়কের দুই পাশে আটকে পড়ে অসংখ্য যানবাহন। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ধসের পরপরই মাটি সরাতে সড়ক ও জনপথ বিভাগ শ্রমিক ও যন্ত্রপাতি নিয়ে কাজ শুরু করে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, “সকালে ধসের খবর পাওয়ার পরপরই আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। মাটি সরানোর কাজ চলছে। আশা করছি, দুপুরের মধ্যেই যান চলাচল আংশিক স্বাভাবিক করা সম্ভব হবে।”
প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ধসের কারণে পার্বত্য অঞ্চলের এই গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যাহত হয়। সংশ্লিষ্টদের মতে, পাহাড়ি এলাকায় অপরিকল্পিতভাবে বসতি ও সড়ক নির্মাণের কারণে প্রতি বর্ষায় এমন বিপর্যয়ের আশঙ্কা থেকেই যায়।

-পার্বত্য সময়