খাগড়াছড়ির দীঘিনালায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার রশিক নগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন দীঘিনালা থানার এসআই (নিঃ) মো. হারুন অর রশিদ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, ২০১৮ সালের ১৩ এপ্রিল রশিক নগরে ট্রাক্টর কেনাবেচার কথা বলে মোশাররফ নামের এক ব্যক্তিকে ডেকে নেন ফজর আলী। পরে তাকে কুপিয়ে হত্যা করে লাশ রিং টিউবওয়েলের কুয়োয় ফেলে রাখা হয়। ওইদিনই পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর ফজর আলীকে গ্রেপ্তার করা হলেও তিনি জামিনে বের হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। পরবর্তীতে আদালত মামলার প্রধান আসামি ফজর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে।
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, “দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে রাতের অভিযানে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

-পার্বত্য সময়