তীব্র দাবদাহে পুড়ছে দেশের অধিকাংশ জেলা। গত কয়েকদিন ধরে সর্বত্রই চলছে তাপপ্রবাহ; জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। এরই মধ্যে রবিবার দেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হলেও তাপমাত্রার প্রভাব খুব একটা কমেনি। এমন অবস্থায় বজ্রপাত নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সোমবার (১১ মে) সকাল সাড়ে ৮টায় দেওয়া বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, পরবর্তী এক থেকে চার ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়।
বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাব্য এলাকা:
রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙামাটি এবং বান্দরবান।
সতর্কবার্তায় বজ্রপাত থেকে সুরক্ষার জন্য কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। সেগুলো হলো:
বজ্রপাত শুরু হলে দ্রুত ঘরের মধ্যে আশ্রয় নিন।
জানালা ও দরজা বন্ধ রাখুন।
আবহাওয়া খারাপ থাকলে যাত্রা এড়িয়ে চলুন।
গাছের নিচে অবস্থান করা থেকে বিরত থাকুন।
কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
বিদ্যুৎ ও ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে রাখুন।
পুকুর বা জলাশয়ে থাকলে দ্রুত উঠে আসুন।
বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
শিলাবৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন।
আবহাওয়াবিদরা জানান, বজ্রপাতের সময় একটু সচেতন হলেই প্রাণহানি রোধ করা সম্ভব। তাই বিশেষ করে খোলা জায়গায় বা কৃষিকাজে নিয়োজিত মানুষদের প্রতি সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে।

-পার্বত্য সময়