রাঙামাটির বাঘাইছড়িতে টানা বৃষ্টিপাতে সৃষ্ট পাহাড়ি ঢলের কারণে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার পাশাপাশি গ্রামীণ সড়ক ও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে। বিশেষ করে উপজেলা সদরের কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় হাঁটু পানিতে ডুবে যাওয়ায় প্রতিষ্ঠানটির পাঠদান ও অন্যান্য কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, আকস্মিক এই পরিস্থিতির কারণে শ্রেণিকক্ষ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এমনকি চলমান অর্ধবার্ষিক পরীক্ষাও স্থগিত রাখতে হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে এমন দুর্ভোগের শিকার হতে হয়, কিন্তু সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ নেই।
সংবাদমাধ্যম যুগান্তরের খবরে বলা হয়- প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা জানান, হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানটি পুরোপুরি অচল হয়ে পড়েছে। এ অবস্থায় প্রশাসন ও শিক্ষা বোর্ডের কাছে স্থায়ী সমাধানের দাবি জানানো হয়েছে। তিনি সতর্ক করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের পড়াশোনায় অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।
-পার্বত্য সময়


