রাঙামাটির এক বহুতল ভবনের বাসা থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রী মহিমা ইসলাম উর্মি (৩০)এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় শহরের আলম ডক ইয়ার্ড এলাকার রেজাউল করিমের ছয়তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ফ্ল্যাটের মেঝেতে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। একইসঙ্গে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে একটি ওড়না ঝুলে থাকতে দেখা গেছে।
ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
স্থানীয়রা জানান, সিনিয়র ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরী পরিবার নিয়ে ভবনের ৬তলায় বসবাস করেন। তবে বিকেলের কোন সময় উর্মির মৃত্যু হয়েছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। কী কারণে এ মৃত্যু, সেটিও এখনো অস্পষ্ট।
পুলিশ বলছে, ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। প্রয়োজনে ভিকটিমের পরিবার ও প্রতিবেশীদের বক্তব্যও নেওয়া হবে।

-পার্বত্য সময়