রাঙামাটিতে দীর্ঘ ৯ বছর পর আবারও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। জেলার সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের লেখ্যুংছড়া গ্রামের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুদীপ্তা চাকমা (১২) প্রাণ হারিয়েছে এই প্রাণঘাতী রোগে।
শনিবার (১৩ জুলাই) সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই মারা যায় সে।
সুদীপ্তা বন্দুকভাঙা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিল মেয়েটি। কিন্তু স্থানীয়ভাবে কিংবা শহরের চিকিৎসকদের কাছে সঠিকভাবে রোগ নির্ণয় না হওয়ায় তাকে শুধু সাধারণ জ্বর-সর্দির ওষুধ খাওয়ানো হয়।
শেষ পর্যন্ত শুক্রবার বিকেলে স্থানীয় এক এনজিওকর্মীর সহায়তায় রক্ত পরীক্ষা করানো হলে ধরা পড়ে ম্যালেরিয়া। পরদিন সকালে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে জরুরি ভিত্তিতে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মো. শওকত আকবর খান বলেন, “মেয়েটিকে একেবারে শেষ মুহূর্তে হাসপাতালে আনা হয়। আমরা দ্রুত ভর্তি করে চিকিৎসা শুরু করি, কিন্তু তাৎক্ষণিক চিকিৎসার সুযোগ না পেয়েই সে মারা যায়।”
রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, “২০১৬ সাল থেকে রাঙামাটিকে আমরা ম্যালেরিয়া শূন্য হিসেবে ধরে রেখেছিলাম। দীর্ঘ ৯ বছর পর এই রোগে মৃত্যুর ঘটনা ঘটলো। এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা। মেয়েটি সঠিক সময়ে চিকিৎসা পেলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।”

-পার্বত্য সময়