রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নে বুনো হাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা ওরফে মাস্টার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মংখ্যাইচিং মারমা চিৎমরম বড়পাড়ার মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ঘর থেকে বের হলে হঠাৎ বুনো হাতির মুখোমুখি হন তিনি। এ সময় হাতির শুঁড়ের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুনো হাতির আক্রমণে ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গেছেন। সরকারি নীতিমালা অনুযায়ী নিহতের পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের জানান, দুর্গম এলাকা হওয়ায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তদন্ত সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


