খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত) কর্তৃক গণচাঁদা আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (৩ মার্চ) থেকে পাহাড়ের এই সশস্ত্র সংগঠনটি তাদের কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে নির্ধারিত হারে বাধ্যতামূলক চাঁদা সংগ্রহের তৎপরতা শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, এই উদ্দেশ্যে ইউপিডিএফ (প্রসীত)-এর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার পাড়া প্রধান ও কার্বারিদের কাছে একটি নির্ধারিত ফরম বিতরণ করা হয়েছে। ফরমে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট এলাকা থেকে গণচাঁদা সংগ্রহ করে সংগঠনটির স্থানীয় প্রতিনিধির কাছে তা জমা দিতে বলা হয়েছে।
অঞ্চলভেদে চাঁদার হারও নির্ধারণ করে দিয়েছে তারা। কোনো কোনো এলাকায়- বাসিন্দাদের অবস্থা বুঝে ১০০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এছাড়া দোকান প্রতি ৩০০, পাওয়ার টিলার ১০০০ ও ধানের মেশিনের জন্য ৫০০ টাকা করে চাঁদা দাবি করেছে তারা।
স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে চাঁদা না দিলে বিভিন্ন ধরনের চাপ বা হুমকির আশঙ্কা রয়েছে, যা এলাকায় উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করছে।
এ বিষয়ে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


