সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে—পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে একটি সশস্ত্র গোষ্ঠী ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটি ফেসবুক, এক্স (সাবেক টুইটার) এবং ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্ট করা হয়। তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়; এটি ভারতের মণিপুর রাজ্যের বিদ্রোহী কুকি গোষ্ঠীর।
প্রচারিত ভিডিওটি একটি ড্রোন দিয়ে ধারণ করা। এতে একটি সরু পাহাড়ি রাস্তায় সেনাবাহিনীর মতো পোশাকে আটজন সশস্ত্র ব্যক্তিকে হাঁটতে দেখা যায়, যাদের মধ্যে অন্তত দুজন নারী বলে অনুমান করা হচ্ছে।
ভিডিওর শেষ অংশে একটি পাহাড়চূড়ায় ১২–১৩ জনের একটি দলকে ক্রুশাকৃতি কাঠামোর চারপাশে দাঁড়িয়ে অস্ত্র হাতে পোজ দিতে দেখা যায়। একজনের হাতে ড্রোন কন্ট্রোলারও দেখা যায়। এদের বেশিরভাগই একই রকম পোশাক পরা এবং অস্ত্রের ওপর লাল ফিতা বাঁধা ছিল। ভিডিওর শেষে ইংরেজিতে লেখা ছিল—“DIRECTED BY, Input Title”।

ছবি-১ এ গণকন্ঠ নামক একটি পত্রিকার ফেসবুক পেজে গত ২ মে যে ভিডিও শেয়ার করা হয়, ছবি-২: একই ভিডিও ইশিতা এঙ্গম নামের একটি পেজ থেকে গত বছরের ডিসেম্বরের ১৭ তারিখ প্রকাশিত হয়।
ভিডিওটির সঙ্গে যুক্ত ক্যাপশনটি রোমান হরফে লেখা: “Kuki Minai singsina taoribase meitei Eikhoina touramladi Action nanghouroi.” গুগল ট্রান্সলেটের ভাষা শনাক্তকরণ অনুযায়ী, এটি ককবরক ভাষায় লেখা বলে শনাক্ত হয়। যদিও ভাষাটি পুরোপুরি বোধগম্য নয়, তবুও “Kuki”, “Meitei” এবং “Action” শব্দগুলো থেকে মণিপুরের সাম্প্রতিক সংঘাতের ইঙ্গিত মেলে।
ভারতের মণিপুর রাজ্যে সম্প্রতি মেইতেই ও কুকি জাতিগোষ্ঠীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। মেইতেই গোষ্ঠীকে তফসিলী জাতি ঘোষণা করাকে কেন্দ্র করে কুকিদের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা বহু মানুষের প্রাণহানি ও বাস্তুচ্যুতি ঘটায়।
ভিডিওটির সূত্র পাওয়া যায় ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। Ashwini Shrivastava নামের এক এক্স ব্যবহারকারী ২০২৩ সালের ২৩ ডিসেম্বর ভিডিওটি প্রকাশ করে ক্যাপশনে লিখেছিলেন: "মণিপুরে কুকি সন্ত্রাসীরা মেইতেই হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা খ্রিস্টান ক্রুশ চিহ্নসহ ক্যাম্প স্থাপন করছে। এটি কোনো জাতিগত সংঘাত নয়, বরং পরিকল্পিত সন্ত্রাস।"
এই একই ভিডিও এবং বর্ণনা পাওয়া যায় ভারতীয় সংবাদমাধ্যম Organiser, The Blue Hills, Front Fact News, এবং ইউটিউব চ্যানেল Elite TV–তেও। Elite TV-র এক প্রতিবেদনে ২০২৪ সালের ২৮ আগস্ট ভিডিওটি প্রকাশিত হয়।
তথ্যপ্রমাণ যাচাই করে নিশ্চিত হওয়া যায়—ভিডিওটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের নয়। এটি ভারতের মণিপুর রাজ্যের সংঘাতপূর্ণ অঞ্চলের, যেখানে কুকি গোষ্ঠীর কিছু সদস্য সশস্ত্র অবস্থায় ক্যাম্প করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো “পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর বিচরণ”– সংক্রান্ত ভিডিওটি ভুয়া এবং বিভ্রান্তিকর।
-পার্বত্য সময়


