পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের চারদিনব্যাপী ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব সাংগ্রাইং।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উৎসব উপলক্ষে স্থানীয় রাজার মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন বান্দরবানের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী, তিনি বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে সাচিংপ্রু জেরী বলেন, “বান্দরবানকে ‘মিনি হিল ট্র্যাক্টস’ বলা যেতে পারে, কারণ এখানে বিভিন্ন জাতিসত্তার মানুষ একসঙ্গে বসবাস করে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই উৎসব আয়োজন করা হয়েছে। মারমাদের সাংগ্রাইং অত্যন্ত বৈচিত্র্যময় এবং ভবিষ্যতে এটি জাতীয় পর্যায়ে আরও সমৃদ্ধ হবে বলে আমরা আশা করি।”

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং মারমা সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় মারমা, ত্রিপুরা, মুরং, বমসহ ১১টি সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীরা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শোভাযাত্রা শেষ করেন।

শোভাযাত্রা শেষে ইহকাল ও পরকালে শান্তি কামনায় বয়োজ্যেষ্ঠদের উদ্দেশ্যে বয়স্ক পূজার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, আগামীকাল বিকেলে অনুষ্ঠিত হবে বুদ্ধস্নান। রাজগুরু বৌদ্ধ বিহার থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উজানীপাড়া খেয়াঘাটে এই স্নানানুষ্ঠান সম্পন্ন হবে। একইদিন রাত ৮টায় পাড়ায় পাড়ায় পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

এছাড়া ১৫ ও ১৬ এপ্রিল মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী লোকজ খেলা, তৈলাক্ত বাঁশ আরোহন, সম্মাননা প্রদান এবং সাংগ্রাইং গান-নৃত্যসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।