লামা-চকরিয়া সড়কের ইয়াংছা চেকপোস্টে যৌথ বাহিনীর তল্লাশির সময় একনালা দেশীয় বন্দুকসহ এক মারমা যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে মাংলাও মারমা (২১) নামে এই উপজাতি যুবকের কাছ থেকে একটি গাদা বন্দুক উদ্ধার করা হয়। বন্দুকটি বস্তায় মুড়িয়ে রাখা ছিল, যা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশির সময় উদ্ধার করেন। আটক যুবক লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের ঘাড়া এলাকার বাসিন্দা কেওযাই মারমার ছেলে।
জানা গেছে, ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর বাজার থেকে ইয়াংছা চেকপোস্টে পৌঁছানোর সময় কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জামিল হোসেনের নেতৃত্বে তল্লাশি চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাংলাও মারমা জানিয়েছেন, কিছু লোক পাঁচ হাজার টাকার বিনিময়ে বন্দুকটি নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার জন্য তার সঙ্গে চুক্তি করেছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
-পার্বত্য সময়


