বান্দরবান শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ও একটি রেস্তোরাঁ পুড়ে গেছে।

সোমবার (২ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে বান্দরবান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উজানীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবানের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ছয়টি বসতঘর ও একটি রেস্তোরাঁ সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়। আগুনে পাশের একটি ভবনের একটি ফ্লোরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভোরের দিকে একটি রেস্তোরাঁর রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন বেড়া দিয়ে তৈরি আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে, ফলে দ্রুত ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে যায়।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

এদিকে উপজেলা প্রশাসন–এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। সদর উপজেলার ইউএনও মারুফা খান সুলতানা হীরামনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।