খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে গুচ্ছ গ্রামের সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সরকারি রেশনের গম অবৈধভাবে মজুদের অভিযোগে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাটিরাঙ্গা বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব গম জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানকালে মাটিরাঙ্গা বাজারের একটি দোকানে সরকারি রেশনের গম অবৈধভাবে মজুদ করে রাখার বিষয়টি নজরে আসে। পরে দোকানে তল্লাশি চালিয়ে সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ করা হয়।
এ ঘটনায় দোকান মালিক মো. ফয়েজ আহমেদকে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও কার্যক্রম প্রতিরোধ আইন, ২০২৪-এর ৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি রেশন ও বিভিন্ন সরকারি সহায়তার পণ্য অবৈধভাবে মজুদ, বিক্রি, স্থানান্তর কিংবা অন্যত্র সরিয়ে নেওয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এমন অভিযান সরকারি সহায়তার পণ্য প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো এবং অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


