খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পাহাড়ি নারী সার্সী চাকমা (২৯) অপহরণের পর ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেনাবাহিনীর তৎপরতায় অভিযুক্ত লিটন ত্রিপুরা (২৪) ঘটনাস্থল থেকেই আটক হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের তারেং এলাকায় এই ঘটনা ঘটে। ভিকটিম সার্সী চাকমা এক বন্ধুর সঙ্গে এলাকায় ঘুরতে গেলে আগে থেকে ওঁত পেতে থাকা লিটন ত্রিপুরা তাদের ওপর হামলা চালায়। ভয়ে তার বন্ধু পালিয়ে যান। পরে অভিযুক্ত লিটন ত্রিপুরা ভিকটিমকে অপহরণ করে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন এবং জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন।
পরে ভিকটিমের বন্ধু দ্রুত আলুটিলা আর্মি ক্যাম্পে গিয়ে সেনাসদস্যদের বিষয়টি জানান। ক্যাম্পের সেনাসদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষককে আটক করে এবং ভিকটিমসহ ক্যাম্পে নিয়ে আসে। এরপর মাটিরাঙ্গা থানাকে অবহিত করা হয়।
রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম ও আসামিকে থানায় নিয়ে আসে এবং ধর্ষণ মামলা (নম্বর-০৫, তারিখ: ২৪ অক্টোবর ২০২৫) রজু করে। বর্তমানে আসামি লিটন ত্রিপুরা মাটিরাঙ্গা থানায় হেফাজতে রয়েছেন।
মাটিরাঙ্গা থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার দায় স্বীকার করেছে। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


