রাঙামাটির সদর উপজেলার মৌনপাড়া এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল চলাকালে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে একজন সেনা সদস্য আহত হন। পরে সেনাবাহিনীর অভিযানে তিনজন সন্ত্রাসীকে অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ আটক করা হয়েছে।

ছবি : গ্রেফতারকৃত ৩ ইউপিডিএফ সদস্য

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৩ জুন) সেনাবাহিনীর একটি টহল দল মৌনপাড়া এলাকায় গেলে  মেজর সুদর্শন নামে ইউপিডিএফ (প্রসীত)- এর কমান্ডার পরিচয়ে মোবাইল ফোনে টহল কমান্ডারকে হুমকি দিয়ে এলাকা ছেড়ে যেতে বলেন। এরপর সেনাবাহিনী এলাকা ঘিরে ফেলে এবং বাড়তি সদস্য মোতায়েন করে।

পরদিন মঙ্গলবার (২৪ জুন) ভোররাতে, মৌনপাড়া স্কুল এলাকায় ইউপিডিএফ (প্রসীত)-এর সদস্যদের অবস্থান নিশ্চিত করে সেনাবাহিনী অভিযান চালায়। ঘিরে ফেলার সময় সন্ত্রাসীরা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে এক সেনা সদস্য আহত হন। প্রায় ২০ মিনিট গুলিবিনিময়ের পর তিনজন সন্ত্রাসীকে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে ১টি এসএমজি (সাবমেশিন গান), ১২ রাউন্ড পিস্তলের গুলি, ৪৬ রাউন্ড রাইফেলের গুলি, কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সূত্র জানায়, আটককৃত এই ইউপিডিএফ (প্রসীত)-এর সক্রিয় সদস্যরা পার্বত্য এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তারা স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করছিল।

আটক সন্ত্রাসীদের রাঙামাটি থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই অভিযানকে সাহসী পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন।