আজ সোমবার (২০ এপ্রিল) থেকে বান্দরবানসহ সারা দেশে একযোগে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় পার্বত্য জেলা বান্দরবানে ৬০ হাজার ২৬৭ শিশুকে হামের টিকা দেওয়া হবে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে আয়োজিত হাম-রুবেলা ক্যাম্পেইন সংক্রান্ত অবহিতকরণ সভায় এ তথ্য জানান জেলার সিভিল সার্জন ডা. শাহীন হোসাইন চৌধুরী। তিনি জানান, আগামী ১১ মে পর্যন্ত চলা এই কর্মসূচিতে জেলার সাতটি উপজেলায় ৭৬৮টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।
সভায় জানানো হয়, আলিকদম উপজেলায় ৮ হাজার ৪৭০, বান্দরবান সদরে ৫ হাজার ২৫৮, লামায় ১৮ হাজার ২০৭, নাইক্ষ্যংছড়িতে ১২ হাজার ৬৯৪, রোয়াংছড়িতে ৩ হাজার ৪৬৭, রুমায় ৩ হাজার ৩০৯, থানচিতে ৪ হাজার ২১১ এবং বান্দরবান পৌর এলাকায় ৪ হাজার ৬১১ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সভায় উপস্থিত জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, স্বাস্থ্য বিভাগের টিকাদান কার্যক্রমে সুনাম রয়েছে এবং এবারও তা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি সকল শিশুকে টিকার আওতায় আনার পাশাপাশি কেউ বাদ পড়লে পরবর্তীতে টিকা নিশ্চিত করার নির্দেশনা দেন।
আবাসিক মেডিকেল অফিসার ডা. তারেকুল ইসলাম জানান, জেলায় এ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলায় একজন হাম রোগী শনাক্ত হয়েছে। তিনি আরও বলেন, পূর্বে টিকা নেওয়া শিশুরাও এই ক্যাম্পেইনে টিকা নিতে পারবে, তবে ২৮ দিনের মধ্যে পুনরায় টিকা নেওয়া যাবে না। এছাড়া জ্বর, সর্দি-কাশি বা অন্য কোনো ভাইরাসে আক্রান্ত শিশুদের এই টিকা দেওয়া হবে না।


