খাগড়াছড়িতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে সংবিধান বহির্ভূত ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও এর অঙ্গ সংগঠনগুলো।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে শহরের শাপলা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা।
বক্তারা অভিযোগ করেন, কমিশনের প্রধান কামাল আহমেদসহ সদস্যরা পার্বত্য চট্টগ্রামকে ‘আদিবাসী অধ্যুষিত অঞ্চল’ রূপে তুলে ধরে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তাদের মতে, সংবিধানে ‘আদিবাসী’ শব্দের কোনো স্বীকৃতি নেই, অথচ কমিশনের প্রতিবেদনে তা ব্যবহার করে রাষ্ট্রবিরোধী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে।
হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, প্রতিবেদনে যদি ‘আদিবাসী’ শব্দটি বাদ না দেওয়া হয়, তবে কমিশনের প্রধান ও সদস্যদের পার্বত্য চট্টগ্রামের বাঙালি সংগঠনগুলো কর্তৃক অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

-পার্বত্য সময়