পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বিশেষ সভা আগামী ১৯ অক্টোবর বান্দরবানে অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১টায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার (১২ অক্টোবর) কমিশনের প্রধান কার্যালয় খাগড়াছড়ি থেকে পাঠানো এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সভায় কমিশনের চেয়ারম্যানসহ সকল সদস্যকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, বান্দরবান জেলা পরিষদ ভবনে অবস্থিত ভূমি কমিশনের শাখা কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে। সভার আলোচ্যসূচিতে রয়েছে—পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন (সংশোধিত)-এর অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়াদি।

নোটিশে কমিশনের সদস্যদের সভায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রম নতুন করে গতি পেয়েছে। বিশেষ করে তিন পার্বত্য জেলায় জমি সংক্রান্ত জটিলতা নিরসনে কমিশন মাঠপর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

প্রশাসন ও কমিশনের কর্মকর্তারা আশা করছেন, এই বৈঠকে বান্দরবান জেলার দীর্ঘদিনের ভূমি বিরোধ নিষ্পত্তির কার্যক্রমে একটি নতুন দিকনির্দেশনা আসবে।