পার্বত্য তিন জেলা পরিষদের আইন সংশোধনের দাবিতে ‘ভায়ালগ ফর পেইচ অপ চিটাগাং হিল ট্র্যাক্টস’ নামে একটি সংগঠন স্মারকলিপি প্রদান করেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন।
এ সময় সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক মো. হারুন অর রশীদ, ভাইস-চেয়ারম্যান সাংবাদিক এম. কামাল উদ্দিন, নির্বাহী পরিচালক এডভোকেট কামাল হোসেন সুজন, পরিচালক এডভোকেট আলাল উদ্দিন, পরিচালক (অর্থ) এডভোকেট মুন্না সদ্দার, পরিচালক এডভোকেট জিল্লুর রহমান, পরিচালক এডভোকেট আমিরুল ইসলাম, এডভোকেট রাকিব হোসেন, শিক্ষানবীশ আইনজীবী আব্দুল্লাহ আল মামুন, শিক্ষানবীশ আইনজীবী আইনুল হক ও আইনজীবীর সহকারী নুর হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৮৯ সালে গঠিত পার্বত্য জেলা পরিষদগুলোর আইন ১৯৯৬ সালে সংশোধন করা হলেও তাতে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সমতা নিশ্চিত করা হয়নি। এতে বাঙালিদের অধিকার খর্ব করা হয়েছে, যা রাষ্ট্রের এককেন্দ্রিক শাসন ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ এবং সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।
স্মারকলিপিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য জেলা পরিষদে প্রতিনিধিত্বের ক্ষেত্রে জনসংখ্যানুপাতে সকল জনগোষ্ঠীর জন্য আসন বরাদ্দ, চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদের জন্য উন্মুক্ত নির্বাচন নিশ্চিতকরণ, জমি ক্রয়-বিক্রয়ে জেলা পরিষদের অনুমোদন বাতিল, ব্যক্তিগত সম্পত্তির মালিকানায় অযৌক্তিক হস্তক্ষেপ বন্ধ করা, আঞ্চলিক পরিষদ আইন বাতিল করা।
এছাড়া, পার্বত্য চট্টগ্রামে জাতিগত বৈষম্য দূরীকরণের লক্ষ্যে স্মারকলিপিতে নির্দিষ্ট কিছু আইনের সংশোধনসহ ১৬ দফা দাবি উত্থাপন করা হয়।

-পার্বত্য সময়