বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের ডান পায়ের নিচের অংশ উড়ে গেছে। আহত ব্যক্তি তারিক উদ্দিন (১৮) বর্তমানে কক্সবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফুলতলী এলাকার ৪৮ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। আহত তারিক উদ্দিন নাইক্ষ্যংছড়ির আহাম্মদ রশিদের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. শামসুল আলম ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, দুপুর ১২টার দিকে তারিক উদ্দিনসহ কয়েকজন চোরাচালানের উদ্দেশে সীমান্তের ওপারে যাচ্ছিলেন। এ সময় মাইন বিস্ফোরণে তার ডান পায়ের নিচের অংশ সম্পূর্ণ উড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় তাকে কক্সবাজার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়রা জানান, বিগত এক সপ্তাহে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় এ নিয়ে চতুর্থ মাইন বিস্ফোরণ ঘটল। সীমান্ত এলাকায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর চলাচল রোধ করতে মিয়ানমারের আরাকান আর্মি সীমান্ত আইন লঙ্ঘন করে মাইন পুঁতে রেখেছে বলে অভিযোগ স্থানীয়দের।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা না হলে এ ধরনের ঘটনা বন্ধ হবে না। স্থানীয় প্রশাসন ও সীমান্ত রক্ষীবাহিনীর কাছে তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, আহত তারিক উদ্দিনের পরিবার তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত কয়েক মাসে বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনা বেড়েছে। এ ধরনের ঘটনা রোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

-পার্বত্য সময়