বিএনপি সরকারের নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান প্রথমবারের মতো নিজ জেলা রাঙামাটি সফরে আসছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত তিনি রাঙামাটিতে সরকারি ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ২৭ ফেব্রুয়ারি তিনি ঢাকায় থেকে আকাশপথে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে রাঙামাটির উদ্দেশে রওনা হবেন। সফরকালে তিনি রাঙামাটি সার্কিট হাউসে অবস্থান করবেন। ওই দিন তিনি বান্দরবান জেলা প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

২৮ ফেব্রুয়ারি মন্ত্রী ধর্মীয় ও রাঙামাটি জেলা বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন। ১ ও ২ মার্চ তিনি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসবেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে।

সফরের শেষ দিনে, ৪ মার্চ স্থানীয় কর্মসূচি সম্পন্ন করে তিনি রাঙামাটি থেকে চট্টগ্রাম হয়ে বিমানযোগে ঢাকায় ফিরবেন।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এদিকে মন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠনগুলোও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে।