পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, বর্তমান সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে রাঙামাটির সব সরকারি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিতে হবে। পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও বিদ্যুৎসহ মৌলিক সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করারও নির্দেশ দেন তিনি।

রোববার (১ মার্চ) রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী।

দীপেন দেওয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রণীত ১৮০ দিনের কর্মসূচির আওতায় যেসব প্রকল্প শতভাগ বাস্তবায়নযোগ্য, সেগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন পরস্পর পরিপূরক। তাই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সভায় মন্ত্রী রাঙামাটি জেলা পরিষদ, এলজিইডি, বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ড ও বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে তাদের নিজ নিজ ১৮০ দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

একই সঙ্গে তিনি পার্বত্য জেলা পরিষদের বিদ্যমান আইনের কিছু অসামঞ্জস্য দূর করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতামত নিয়ে নতুনভাবে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা।