বেদে সম্প্রদায়, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অনন্য অংশ, যুগ যুগ ধরে যাযাবর জীবনযাপন করে আসছে। নৌকায় ভাসমান জীবন বা পথে পথে ঘুরে বেড়ানো—এটাই তাদের জীবনধারা। কিন্তু সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে উগ্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো এই নিরীহ ও শান্তিপূর্ণ সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে, যা তাদের হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের একটি কৌশল মাত্র।
বেদেরা মূলত যাযাবর। তারা কোনো স্থায়ী বসতি গড়ে না, বরং জীবিকার তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। তাদের জন্য স্থায়ীভাবে ভূমি দখল বা বসতি স্থাপনের মতো কোনো ইতিহাস নেই। তারা সবসময় প্রকৃতি ও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে জীবনযাপন করে। কিন্তু সম্প্রতি খাগড়াছড়ি সদরে বেদে সম্প্রদায়ের অস্থায়ী উপস্থিতিকে কেন্দ্র করে কিছু উগ্রবাদী গোষ্ঠী বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। তারা দাবি করছে, “নতুন সেটেলার এসে ভূমি দখল করছে।” অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বেদেরা কয়েক সপ্তাহ বা মাস ধরে একটি জায়গায় অস্থায়ীভাবে থাকে এবং তারপর অন্যত্র চলে যায়। তাদের এই যাযাবর জীবনধারাকে ভূমি দখল বলে চিত্রিত করা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
মানুষের নিকৃষ্টতা তখনই প্রকাশ পায়, যখন তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিরীহ ও অসহায় গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মিথ্যাচার করে। বেদে সম্প্রদায়ের মতো শান্তিপূর্ণ ও নিরীহ মানুষদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা একটি চরম নিন্দনীয় কাজ। উগ্রবাদীরা এই অপপ্রচারের মাধ্যমে পাহাড়ি জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চায় এবং তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তারা এই মিথ্যাচার ছড়িয়ে পাহাড়ে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়।
বেদে সম্প্রদায়ের সংখ্যা খুবই কম এবং তারা কখনোই কোনো স্থান স্থায়ীভাবে দখল করে না। তারা চলে যায়, যেমনটি যুগ যুগ ধরে করে আসছে। কিন্তু তাদের এই সাময়িক উপস্থিতিকে কেন্দ্র করে “ভূমি দখল” বা “সেটেলার” বৃদ্ধির মতো মিথ্যা অভিযোগ এনে পাহাড়ি জনজীবনকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এই ধরনের অপপ্রচার শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর জন্যই নয়, বরং এটি পাহাড়ি অঞ্চলে উত্তেজনা ও অস্থিরতা সৃষ্টির একটি কৌশল।
উগ্রবাদীদের এই মিথ্যাচার বন্ধ করা অত্যন্ত জরুরি। বাস্তব তথ্য ও প্রমাণ দিয়ে এই অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সমাজের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সঠিক তথ্য প্রচার এবং এই ধরনের তথ্য সন্ত্রাসের নিন্দা করা প্রয়োজন। বেদে সম্প্রদায় একটি শান্তিপূর্ণ যাযাবর গোষ্ঠী, যারা কখনোই ভূমি দখলের মতো কাজের সঙ্গে জড়িত নয়। পাহাড়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার উগ্রবাদীদের একটি হীন চক্রান্ত মাত্র।
আমাদের উচিত, এই মিথ্যাচারের জবাব দিয়ে সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরা এবং বিভ্রান্তি এড়ানো। শান্তিপূর্ণ বেদে সম্প্রদায়ের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের অধিকার রক্ষায় এগিয়ে আসা সকলের দায়িত্ব। উগ্রবাদীদের মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে পাহাড়ি অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হবে।

-মো. শফিউল করিম, সাংবাদিক