খাগড়াছড়ির মহালছড়ির মনাটেক গ্রামের ৬০ বছর বয়সী বিন্দু চাকমা তিনদিন নিখোঁজ থাকার পর কাপ্তাই হ্রদের পানিতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেছে গ্রামবাসী। নিহত বিন্দু চাকমা মনাটেক গ্রামের গোপাল চাকমার ছেলে।
স্থানীয়রা জানান, গত সোমবার (১১ আগস্ট) রাতে তিনি গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে নৌকায় ফেরার পথে নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, ফেরার সময় হ্রদের পানিতে পড়ে ডুবে যান তিনি। এরপর থেকে তার খোঁজে গ্রামবাসী ও পরিচিতরা তল্লাশি চালাচ্ছিলেন।
বুধবার (১৩ আগস্ট) সকালে মনাটেক গ্রামের বিল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। বিমল চাকমা ও সুনীল চাকমা জানান, উদ্ধারকৃত মরদেহটি তারা সনাক্ত করেছেন।
মাহালছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানেন বলে নিশ্চিত করেছেন।

