রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মুবাছড়ি গ্রাম থেকে দুই কিশোরী নিখোঁজ হওয়ার সাত দিন পার হলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ কিশোরীরা হলেন সাধনা তনচংগ্যা ও ননাবী তনচংগ্যা।
গত ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল থেকে নিখোঁজ রয়েছেন এই দুই কিশোরী। পরিবারের সদস্যরা জানান, কাউকে কিছু না বলে তারা বাড়ি থেকে বের হন এবং এরপর আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি।
ননাবী তনচংগ্যার মা বলেন, "প্রথমে ভেবেছিলাম, হয়তো পরিচিত কারও বাড়িতে গেছে। কিন্তু এতদিনেও কোনো খবর না পাওয়ায় আমরা দুশ্চিন্তায় আছি। তাদের দ্রুত ফিরে পাওয়ার জন্য সবার সহযোগিতা চাই।"
নিখোঁজ হওয়ার চার দিন পর পরিবারের পক্ষ থেকে রাজস্থলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, "নিখোঁজ দুই কিশোরীর সন্ধান পেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বিভিন্ন স্থানে মোবাইল টিম কাজ করছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।"
ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার ভূবন মোহন তনচংগ্যা বলেন, "সাধনা তনচংগ্যা দরিদ্র রবীন তনচংগ্যার মেয়ে এবং ননাবী তনচংগ্যা খিরামন তনচংগ্যার মেয়ে। দুই কিশোরী নিখোঁজের ঘটনায় পুরো এলাকা উদ্বেগের মধ্যে রয়েছে।"
এলাকাবাসীর অনেকে আশঙ্কা করছেন, তারা অপহরণের শিকার হতে পারে অথবা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছে। তাই দ্রুততম সময়ে তাদের সন্ধান বের করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিখোঁজ দুই কিশোরীর পরিবারের সদস্যরা দ্রুত তাদের সন্ধান পাওয়ার জন্য প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন। যদি কেউ তাদের সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে স্থানীয় প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

-পার্বত্য সময়