বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা বাজারে পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
অভিযানে ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় ও প্রায় ৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি বাজারের ব্যবসায়ীদের পলিথিন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।
বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। যাদের কাছে পলিথিন পাওয়া গেছে, তাদের জরিমানা ও সতর্ক করা হয়েছে।
-পার্বত্য সময়


