বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সীমান্তের জিরো লাইনের মিয়ানমার অংশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সীমান্তসংলগ্ন এলাকায় থাকা স্থানীয়রা।

তাদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ বিকট শব্দে দুটি মর্টার শেল বিস্ফোরণ ঘটে এবং পরে টানা গোলাগুলি শুরু হয়। অন্তত ২০-২৫ রাউন্ড গুলির শব্দ শোনার পর তারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

স্থানীয়দের ধারণা, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে ওই এলাকায় উত্তেজনা চলছিল।

খবর পেয়ে সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও সীমান্তবর্তী এলাকায় মর্টার শেল এসে পড়ার ঘটনা ঘটেছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য স্থায়ী নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।