রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ছয় দিন পর উদ্ধার করা হয়েছে একটি হাতি শাবকের মরদেহ। উদ্ধার শেষে বরকল উপজেলার বরুনাছড়ি গ্রামের লিটন টিলা এলাকায় সেটি মাটি চাপা দেওয়া হয় রোববার (অক্টোবর) সকালে।
গত সোমবার রাতে বরুনাছড়ির লিটন টিলা এলাকায় শাবকটির মৃত্যু হয়। বন বিভাগের প্রাথমিক ধারণা, পাহাড় থেকে পিছলে পড়ে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে শাবকটি মারা যায়। মৃত্যুর পরও শাবকের পাশে সতর্ক অবস্থায় থাকা মা হাতিটি মানুষের উপস্থিতি টের পেলেই তেড়ে আসছিল; ফলে দীর্ঘ সময় উদ্ধার কাজ ব্যাহত হয়।

কাচালংমুখ বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন অফিসার (এসও) মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এতদিন মা হাতিটি শাবকের দেহের পাশে অবস্থান করে মানুষের কাছাকাছি আসতে দিচ্ছিল না। রোববার সকালে হাতির দল কিছুটা দূরে সরে গেলে মরদেহ উদ্ধার সম্ভব হয়।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ সূত্রে জানা গেছে, শাবকের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য সিএফ ওয়াইল্ডলাইফ কার্যালয়ে পাঠানো হবে। বর্তমানে হাতির পালটি ঘটনাস্থল এলাকা থেকে সরে গেছে বলে জানান তিনি।


