বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের একটি পাড়ায় ১২ বছর বয়সী এক ম্রো শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একই সম্প্রদায়ের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আহত অবস্থায় শিশুটিকে রোববার (৮ জুন) সকালে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. দিলীপ চৌধুরী জানান, শিশুটিকে গুরুতর রক্তক্ষরণ ও শারীরিক আঘাত নিয়ে হাসপাতালে আনা হয়। জরুরি অস্ত্রোপচারে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, শিশুটির শরীরে যে ধরনের জখম পাওয়া গেছে, তা যৌন সহিংসতার ইঙ্গিত দেয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার নাম মেনয়া ম্রো (৪০), তিনি কুহালং ইউনিয়নের একটি পাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শিশুটির পরিবার জানায়, শনিবার সন্ধ্যায় স্থানীয়ভাবে পরিচিত এক ব্যক্তি দুটি শিশুকে সঙ্গে নিয়ে ঝিরিতে যান। পরে গভীর রাতে এক শিশু আহত অবস্থায় বাড়ি ফিরে আসে এবং ঘটনার বর্ণনা দেয়। এরপর স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।