পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির নামে অশান্তি সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। পার্বত্য অঞ্চলের জন্য আলাদা আইনের বিপক্ষে উল্লেখ করে তিনি সারা দেশে একই আইন কার্যকর করার দাবি জানিয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাঙামাটি পৌরসভা ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শায়খে চরমোনাই বলেন, আমরা পাহাড়ে প্রকৃত শান্তি চাই, বৈষম্যমুক্ত একটি স্বাধীন দেশ চাই। পাহাড়ি-বাঙালি সবাইকে বাংলাদেশি নাগরিক হিসেবে সমান অধিকার নিয়ে বসবাস করতে দিতে হবে। দেশের যেকোনো নাগরিক পার্বত্য অঞ্চলে জায়গা কিনতে পারবে, আবার এখানকার বাসিন্দারাও দেশের অন্যান্য অঞ্চলে ভূমি ক্রয়ের সুযোগ পাবে। একই দেশে ভিন্ন নীতি আমরা চাই না। পার্বত্য অঞ্চলের জন্য আলাদা আইন নয়, সারা দেশে একই আইন কার্যকর থাকতে হবে। কেউ যদি এই অঞ্চলের জমি দখল করতে চায়, আমরা তা প্রতিহত করব। সীমান্ত সড়কের দ্রুত বাস্তবায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শান্তি চুক্তির নামে নতুন অশান্তি আমরা মেনে নেব না।
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা নূর হোসেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব আল মুহাম্মাদ ইকবাল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঢাকা সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দীন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শরিফুল আলম এবং ইসলামী আইনজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তালুকদার।
সমাবেশ শেষে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের আংশিক কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদার এবং সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক।
-পার্বত্য সময়

