বান্দরবানের আলীকদম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক মিয়ানমার নাগরিক নিহত ও এক বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার পোয়ামুহুরী সীমান্তের ওপারে মিয়ানমারের হটাওমগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মেনথ্যাং (৪০), তিনি মিয়ানমারের নতুন পাড়া এলাকার তাংলাইয়ের ছেলে। আহত বাংলাদেশি যুবক ম্যাংসার মোরং (৩০) বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের গর্জনপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাংওয়ান মোরং।
কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বুধবার (১৫ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পেরেছি, দুজন সকালে জুমখেত পরিদর্শনে গিয়ে মাইনের ওপর পা দিলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মিয়ানমারের নাগরিকটি মারা যান। আহত বাংলাদেশি যুবক কোনোরকমে নিজ এলাকায় ফিরে আসেন। এলাকাটি দুর্গম হওয়ায় সরাসরি সেখানে পৌঁছানো এখনো সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণটি সম্ভবত আরাকান আর্মি পেতে রাখা স্থলমাইন থেকে ঘটেছে। সীমান্তের ওপারে দীর্ঘদিন ধরেই মিয়ানমারের সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে।
বিজিবি সূত্রে জানানো হয়, ঘটনাস্থল সম্পূর্ণ মিয়ানমারের ভেতরে হলেও বিস্ফোরণের শব্দ ও এর প্রভাব বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলোতেও আতঙ্ক সৃষ্টি করেছে। সীমান্তের ওপাশে আরাকান আর্মি বিভিন্ন এলাকায় মাইন পেতে রাখছে বলে আমরা তথ্য পাচ্ছি।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা সীমান্তসংলগ্ন পাহাড়ি এলাকায় যাতায়াত ও কৃষিকাজ বন্ধ করে দিয়েছেন। এলাকাবাসীর দাবি, সীমান্তে টহল জোরদার করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।


