সীমান্তে উত্তেজনার মধ্যেই মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে দুই বাংলাদেশি কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার, ২৭ জানুয়ারি বেলা সোয়া ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্ত সংলগ্ন নাফ নদীতে এই ঘটনা ঘটে। আহতরা হলেন মো. সোহেল (১৬) ও মো. ওবাইদুল্লাহ (১৭)। তারা উভয়ই স্থানীয় বাসিন্দা এবং বর্তমানে উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই কিশোর নৌকা নিয়ে নাফ নদীতে মাছ ধরছিল। এসময় হঠাৎ সীমান্তের ওপার থেকে তাদের লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালানো হয়। এতে তারা গুলিবিদ্ধ হলে কাছাকাছি থাকা লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তথ্য অনুযায়ী, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা এই গুলিবর্ষণ করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল জানান, মাছ ধরার সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

টেকনাফ সীমান্তে সাম্প্রতিক সময়ে এ ধরনের হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর আগে গত ১১ জানুয়ারি সীমান্তের ওপার থেকে আসা গুলিতে হুজাইফা আফনান নামে ৯ বছরের এক শিশু আহত হয়, যে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। এছাড়া গত ১২ জানুয়ারি লম্বাবিল এলাকায় মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক মাছ চাষি পা হারান। একের পর এক এমন ঘটনায় সীমান্ত এলাকায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।